রাউজানে ইফতারের আগে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: এলাকায় চরম উত্তেজনা

চট্টগ্রামের রাউজানে ইফতারের আগমুহূর্তে মুজিবুর রহমান (৫০) নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারের একটি ফলের দোকানের ভেতরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুজিবুর রহমান ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনজু পিতার বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে। তিনি স্থানীয়ভাবে রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পেশাগতভাবে ঘটকালি করলেও তিনি দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের কিছু সময় আগে মুজিবুর রহমান অলিমিয়াহাট বাজারের মফিজ সওদাগরের ফলের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় হঠাৎ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর প্রধান কারণ বলে জানান চিকিৎসক।

নিহতের বড় ভাই আব্দুল আজিজ জানিয়েছেন, ইফতারের ঠিক আগে একটি চায়ের দোকানে কিছু যুবকের সঙ্গে মুজিবুরের কথা কাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই তর্কের সূত্র ধরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত মুজিবুর রহমানের পরিবারে বর্তমানে শোকের মাতম চলছে। তাঁর বড় ছেলে মানসিক প্রতিবন্ধী এবং ছোট ছেলে প্রবাসে অবস্থান করছেন। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাউজান জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top