দেশের প্রান্তিক ও স্বল্প আয়ের পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে এবং তাদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে নবগঠিত সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই কমিটির মূল লক্ষ্য হবে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত দুস্থ পরিবারগুলোকে চিহ্নিত করা এবং কার্ডের মাধ্যমে তাদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের অর্থমন্ত্রী। কমিটিতে নীতি-নির্ধারণী পর্যায়ে সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী। এছাড়াও বিশেষ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন উপদেষ্টা—রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
কমিটির প্রশাসনিক ও কারিগরি দক্ষতা নিশ্চিত করতে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যদের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। এই সমন্বিত কমিটি ডিজিটাল ডাটাবেজ ব্যবহার করে ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম রোধ এবং প্রান্তিক মানুষের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।







