বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক আনুষ্ঠানিক পত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই শুভেচ্ছা জানান। মার্কিন জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল মেয়াদ কামনা করেন এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্কের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেন। তিনি বলেন, একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশের শক্তিশালী অংশীদারত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প আশা প্রকাশ করেন যে, দুই দেশের বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলোর সফল বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা সরাসরি উপকৃত হবেন।
এই অভিনন্দন বার্তার একটি উল্লেখযোগ্য দিক ছিল প্রতিরক্ষা খাতে সহযোগিতার প্রস্তাব। প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং উন্নতমানের মার্কিন সামরিক সরঞ্জাম বাংলাদেশে সরবরাহ নিশ্চিত করার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে তিনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর নিজের পূর্ণ আস্থার কথা উল্লেখ করে বলেন, আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ককে আগের চেয়ে আরও বেশি সমৃদ্ধ ও শক্তিশালী করতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।







