জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ: অপচয় রোধকে ‘ইমানি দায়িত্ব’ ও কৃচ্ছ্রসাধনের নতুন নজির

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় দেওয়া এই ভাষণে তিনি দেশের জ্বালানি নিরাপত্তা, রমজানে জনভোগান্তি লাঘব এবং শিক্ষিত তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ভাষণে তিনি গ্যাস, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করাকে প্রত্যেক মুসলমানের ‘ইমানি দায়িত্ব’ হিসেবে অভিহিত করে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, অফিস-আদালতে বিনা প্রয়োজনে গ্যাস ও বিদ্যুৎ খরচ কমানো ইবাদাতেরই অংশ। পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবিহর সময় নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছেন। তবে জনজীবনকে সহজ করার পাশাপাশি তিনি ত্যাগের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নিজের দল থেকেই। তারেক রহমান ঘোষণা করেন, বিএনপির সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী দলটির কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে করমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা গ্রহণ করবেন না। বিলাসবহুল সুবিধা বর্জনের এই ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

দেশের বিশাল জনগোষ্ঠীকে আপদ নয় বরং সম্পদে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির এই আধুনিক যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে। মেধাবী ও কর্মঠ যুবশক্তির জন্য সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত করতে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top