নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দেশে প্রচলিত ‘মব কালচার’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণের সংস্কৃতি চিরতরে বন্ধের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় তিনি এই ঘোষণা দেন। মন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো দাবি আদায়ের নাম করে আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব জাস্টিস করার সুযোগ আর বাংলাদেশে থাকবে না। তবে গণতান্ত্রিক অধিকার হিসেবে শান্তিপূর্ণ উপায়ে মিছিল, সমাবেশ এবং স্মারকলিপি দেওয়ার সুযোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এর আগে মন্ত্রণালয়ে পৌঁছালে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে বর্ণাঢ্য আয়োজনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি পুলিশ বাহিনীর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশকে সত্যিকারের ‘জনগণের বন্ধু’ হিসেবে গড়ে তুলতে হবে। বাহিনীর কোনো সদস্য যদি অপরাধে জড়িয়ে পড়ে, তবে বিন্দুমাত্র ছাড় না দিয়ে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি সাফ জানিয়ে দেন যে, মন্ত্রণালয়ে কোনো ধরনের অবৈধ তদবির বা অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ার হোসেন। নতুন সরকারের এই কঠোর অবস্থান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







