চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় সমর্থকদের মনে বড় প্রশ্ন ছিল—২০২৮ সালের আসরে কি বাংলাদেশ সরাসরি খেলতে পারবে? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সেই সংশয় দূর করেছে। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নেবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের সুবিধাজনক অবস্থানে থাকায় কোনো বাছাইপর্ব ছাড়াই মূল আসরে নামবে লাল-সবুজের দল।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৮ বিশ্বকাপের মোট ২০টি দলের মধ্যে ১২টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। এর মধ্যে আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের স্থান আগে থেকেই নিশ্চিত। বাকি ১০টি স্থানের মধ্যে ৮টি পূর্ণ হয়েছে চলতি ২০২৬ বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলোর মাধ্যমে। আজ বুধবার কলম্বোয় নামিবিয়াকে হারিয়ে পাকিস্তানের সুপার এইট নিশ্চিত করার মধ্য দিয়ে এই তালিকা পূর্ণাঙ্গ হয়। সুপার এইটে ওঠা অন্য দলগুলো হলো—ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
সুপার এইটের মাধ্যমে ৯টি সরাসরি স্থান (আয়োজকসহ) পূর্ণ হওয়ার পর বাকি ৩টি স্থান নির্ধারিত হওয়ার কথা ছিল আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আগামী ৯ মার্চ (ফাইনালের পরদিন) র্যাঙ্কিংয়ের এই তালিকা চূড়ান্ত হবে। তবে বর্তমান হিসাব অনুযায়ী, বাংলাদেশ (৯ম), আফগানিস্তান (১০ম) ও আয়ারল্যান্ড (১২তম) র্যাঙ্কিংয়ে এমন অবস্থানে আছে যে ৯ মার্চের আগে তাদের অবস্থানে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে বাছাইপর্বের ঝামেলা ছাড়াই ২০২৮ আসরের টিকিট নিশ্চিত হয়ে গেল এই তিন দেশের। বাকি ৮টি দল বিশ্বের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে যোগ দেবে।







